মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পাদিত ‘অসম বাণিজ্য চুক্তি’সহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও গাজায় গণহত্যাসহ বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে বগুড়ায় প্রতিনিধি সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় শহরের উদীচী কার্যালয়ে সাম্রাজ্যবাদবিরোধী ও যুদ্ধবিরোধী জোট, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোটের জেলা সমন্বয়ক কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না এবং সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্যসচিব কমরেড দিলরুবা নূরী।
সভা শেষে বেলা আড়াইটায় শহরের সাতমাথায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তাক হোসেন, সিপিবির কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য মোশারফ হোসেন নান্নু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান, গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কাজী শওকত হোসেন, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি বগুড়া জেলা সভাপতি আমিনুল ফরিদ, সাম্যবাদী আন্দোলন বগুড়া জেলা সমন্বয়ক আমিনুল ইসলাম এবং বাংলাদেশ জাসদ জেলা সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুখুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী একটি অসম বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা তাদের এখতিয়ার বহির্ভূত। তারা অভিযোগ করেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে—এটি জেনেও এ ধরনের চুক্তি করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, চুক্তিটি এখনো কার্যকর হয়নি। মালয়েশিয়া ইতোমধ্যে এ ধরনের চুক্তি বাতিল করেছে এবং ভারত তা স্থগিত করেছে। তাই চুক্তি কার্যকর হওয়ার আগেই নতুন সরকারকে এটি বাতিল করতে হবে।
তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দিয়েছে এবং লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। এসব চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। চট্টগ্রাম বন্দর, রামপাল, রূপপুর, আদানি ও অন্যান্য টার্মিনালসংক্রান্ত প্রকল্পে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলেও তারা দাবি করেন।
এসব দাবিতে সরকারকে বাধ্য করতে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশের বাম, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণসংগঠন, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
প্রতিনিধি/আরএইচ