কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৬৪৯ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গত এক মাসে কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালায় বিজিবির আভিযানিক দল। এসব অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্যের পাশাপাশি বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক করা হয় পাঁচ চোরাকারবারিকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমন এবং চোরাচালান রোধে টহল জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আসন্ন ঈদকে সামনে রেখে সীমান্ত সুরক্ষায় টহল আরও জোরদার করা হয়েছে।
প্রতিনিধি/একে