বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি ছাড়াও ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।
অন্যদিকে, নিজ নিজ এলাকায় ঈদের নামাজ পড়বেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা। এর মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদের নামাজ আদায় করবেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলায় ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়াও সরকারের অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ পড়বেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ আদায় শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কোরআনখানি অনুষ্ঠিত হবে।
দেশবার্তা/একে