প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সংগ্রাম’ (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি)-এর ‘স্মার্ট-ড্রাই ফিশ’ উপ-প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগ্রাম প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর বেলা ১১টার দিকে সংস্থার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, দিবসটিকে কেন্দ্র করে বরগুনা জেলা সার্কিট হাউস এলাকায় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই অভিযানে ‘সোনার বাংলা পরিবেশ ক্লাব’-এর সদস্যরা অংশ নেন।
‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত জলবায়ুর জন, আমাদের ভবিষ্যতের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব।
তিনি বলেন, প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের একটি মারাত্মক সমস্যা। এটি মাটিকে দূষিত ও উর্বরতা হ্রাস করার পাশাপাশি পানি ও বাতাসকেও দূষিত করছে। এমনকি প্লাস্টিক পানির মাধ্যমে মানুষের শরীরে মাইক্রো প্লাস্টিক রূপে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তাই প্লাস্টিক দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
সংগ্রাম-এর প্রতিষ্ঠাতা চৌধুরী মো. মাসুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক চৌধুরী মুনীর হোসেন, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞানের ইনস্ট্রাক্টর মো. মনিরুজ্জামান রুমান এবং বরগুনা পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিসুল আলম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মার্ট-ড্রাই ফিশ উপ-প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাম প্রধান কার্যালয়ের মিডিয়া অফিসার মো. সানাউল্লাহ রিয়াদ, সোনার বাংলা পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ এবং উপ-প্রকল্পের কর্মকর্তারা।
দেশবার্তা/একে