দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কয়েক মাস আগে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে যৌথভাবে নতুন অতিথি আসার সুখবর জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পর এবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল এই অভিনেত্রীকে। আর প্রকাশ্যে আসতেই ভক্তদের নজর কেড়েছে তাঁর স্পষ্ট বেবিবাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার (৮ জুন) সন্ধ্যায় নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সাদা রঙের কো-অর্ড পোশাকে দেখা যায় দীপিকাকে। পাশে লাল টি-শার্ট, কালো প্যান্ট ও ক্যাপ পরে স্বাভাবিক লুকে ধরা দেন রণবীর সিং।
ছবি: সংগৃহীত
ছবিগুলো প্রকাশ্যে আসার পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন, মাতৃত্বের বিশেষ উজ্জ্বলতা দীপিকার মুখে স্পষ্ট ফুটে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘বেবিবাম্পটি দারুণ লাগছে।’
আবার অনেকেই তাঁদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষার কথা জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর দেন দীপিকা ও রণবীর। সেই পোস্টে দেখা যায়, তাঁদের মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। কিটটিতে ইতিবাচক ফলাফলের দুটি গোলাপি দাগ দেখা যায়। ছবিতে দুয়ার হাত আলতো করে ধরে ছিলেন দীপিকা ও রণবীর।
পোস্টের ক্যাপশনে কোনো বার্তা না লিখে শুধু একটি ‘ইভিল আই’ (নজর লাগা থেকে বাঁচার প্রতীক) ইমোজি ব্যবহার করেছিলেন অভিনেত্রী।
২০১৮ সালে ইতালির লেক কোমোতে জমকালো আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিয়ের দীর্ঘ ছয় বছর পর, ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং। জন্মের পর বেশ কয়েক মাস মেয়েকে জনসমক্ষে আনেননি এই তারকা দম্পতি।
পরে ২০২৫ সালের দীপাবলি উপলক্ষে প্রথমবারের মতো মেয়ের নাম ও ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। প্রথম সন্তানের বয়স দুই বছর হওয়ার আগেই বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।