কয়েক মাস ধরে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ফেব্রুয়ারিতে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর প্রথমে ঢাকায় এবং পরবর্তী সময়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার (সার্জারি) করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থতা ও চিকিৎসাকালীন অন্তরালে থাকায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে তাঁর সহকর্মী ও ভক্তদের মাঝে তীব্র উদ্বেগ তৈরি হয়। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, ‘আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন বাসাতেই রয়েছি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি বিশ্রামে আছি।’
বর্তমানে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন। নিয়মকানুন মেনে চলার পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর তাঁকে চিকিৎসকের কাছে গিয়ে চেকআপ করাতে হচ্ছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, তানিয়া বৃষ্টির মস্তিষ্কে আরও একটি অস্ত্রোপচার করাতে হবে। তবে তৃতীয় এই সার্জারির জন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন।
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
অভিনেত্রী জানান, আগামী ২০ জুন তাঁর কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা (টেস্ট) রয়েছে। সেসব পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই চিকিৎসক পরবর্তী সার্জারির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আপাতত সেই পর্যন্ত তাঁকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে গিয়েছিলেন তানিয়া বৃষ্টি। সেখানে প্রায় মাসখানেক চিকিৎসাধীন থাকার পর এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরে আসেন। দীর্ঘ এই অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি।
তবে তাঁর অভিনীত পুরোনো কিছু নাটক এবারের ঈদে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে।
আপাতত সব গুঞ্জন পেরিয়ে পুরোপুরি সুস্থ হয়ে চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়, অর্থাৎ অভিনয়ে ফেরার প্রহর গুনছেন এই অভিনেত্রী।