ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:০৪
চলমান বার্তা:
মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার
দেশে বিনিয়োগ কমলেও বেড়েছে জিডিপি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১৫:২৮ আপডেট: ১১.০৬.২০২৬ ১৭:০৮  (ভিজিটর : )

চলতি অর্থবছরে দেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে জিডিপির আকার, মাথাপিছু আয় এবং সেবা ও কৃষি খাতের প্রবৃদ্ধিতে ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে কমেছে বিনিয়োগ ও সঞ্চয়ের হার। অর্থনীতির প্রধান সূচকগুলোর এই বিপরীতমুখী প্রবণতা সামষ্টিক অর্থনীতির ভেতরের কাঠামোগত পরিবর্তন ও সীমাবদ্ধতার একটি জটিল চিত্র তুলে ধরছে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জিডিপির সাময়িক হিসাবে এই তথ্য উঠে এসেছে।

সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে যেখানে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ, সেখানে সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ প্রবৃদ্ধিতে শূন্য দশমিক ৬৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। একই সময়ে চলতি মূল্যে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা ডলারে ৫০১ বিলিয়নের সমান। আগের অর্থবছরে জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার।

খাতভিত্তিক প্রবৃদ্ধির চিত্র

কৃষি খাত: প্রবৃদ্ধির একটি স্থিতিশীল উৎস হিসেবে কাজ করছে কৃষি। ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ, যা আগের অর্থবছরের (২ দশমিক ৪২ শতাংশ) তুলনায় শূন্য দশমিক ৩৬ শতাংশ পয়েন্ট বেশি। খাদ্যশস্য উৎপাদনের ধারাবাহিকতা ও গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতা এই খাতকে ইতিবাচক রেখেছে।

শিল্প খাত: অন্যদিকে শিল্প খাতে প্রবৃদ্ধির গতি কমেছে। সাময়িক হিসাবে শিল্প খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৭১ শতাংশের তুলনায় শূন্য দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট কম। উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট ও বেসরকারি বিনিয়োগের ধীরগতির কারণে এই মন্থরতা তৈরি হয়েছে।

সেবা খাত: সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ, যা আগের অর্থবছরের ৪ দশমিক ৩৫ শতাংশ থেকে শূন্য দশমিক ২৪ শতাংশ পয়েন্ট বেশি।

মাথাপিছু আয় বৃদ্ধি

বিবিএসের হিসাব অনুযায়ী, দেশে মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা বা ৩ হাজার ২০ মার্কিন ডলার। আগের অর্থবছরে যা ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ ডলার। অর্থাৎ এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা। তবে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কতটা বেড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

জিডিপির প্রবৃদ্ধি বাড়লেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগের হার। জিডিপির সঙ্গে মোট বিনিয়োগের অনুপাত কমে ২৭ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ২৮ দশমিক ৫৪ শতাংশ। বিনিয়োগের এই নিম্নগতি ভবিষ্যৎ কর্মসংস্থান ও শিল্পায়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

একই সঙ্গে সঞ্চয়ের হারেও পতন দেখা গেছে। দেশজ সঞ্চয় কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৩৮ শতাংশে। আর জাতীয় সঞ্চয় কমে ২৬ দশমিক ৯৩ শতাংশে নেমে এসেছে। সঞ্চয়ের এই নিম্নমুখী প্রবণতা বিনিয়োগের জন্য অভ্যন্তরীণ সম্পদের প্রাপ্যতা কমিয়ে দিতে পারে।

সামগ্রিকভাবে জিডিপি প্রবৃদ্ধি, অর্থনীতির আকার এবং মাথাপিছু আয়ে ঊর্ধ্বগতি দেখা গেলেও বিনিয়োগ ও সঞ্চয়ের হার কমে যাওয়ার প্রবণতা দেশের অর্থনীতির ভেতরের কাঠামোগত চাপ ও সীমাবদ্ধতার বড় ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।