রমজানের পবিত্রতা রক্ষা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জুলুম-সন্ত্রাস প্রতিরোধ এবং নগরবাসীর জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল পূর্ব থানা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ ফজর ঢাকা উত্তর সিটির ৩৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচির শুরুতে সিলপার মসজিদের আঙ্গিনা ও মসজিদের অভ্যন্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর নয়া টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার করে কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন করা হয়।
এ কর্মসূচি পরিচালনা ও তত্ত্বাবধান করেন হাতিরঝিল পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির শেখ জিল্লুর রহমান আজমী এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন। এ সময় ৩৬ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মাহে রমাদান আত্মশুদ্ধি ও নৈতিকতার মাস। এই পবিত্র মাসে শুধু ইবাদত নয়, আমাদের আশপাশের পরিবেশ, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল পরিচ্ছন্ন রাখা প্রত্যেক মুসলমানের ধর্মীয় ও নাগরিক দায়িত্ব।
তারা আরও বলেন, একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে সমাজ থেকে অশালীনতা, ময়লা-আবর্জনা ও বিশৃঙ্খলা দূর করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
নেতৃবৃন্দ মাহে রমাদানের পবিত্রতা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন নগরী গঠনের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।