নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান আজ দুপুরে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায়, তাঁর নেতৃত্বে ছয়-সাতজন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়–সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা জানান, সকাল নয়টা-সাড়ে নয়টার দিকে দোকান খোলেন তাঁরা। এ সময় তাঁরা দেখতে পান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্ট্যান্ডে পতাকা টাঙানো আছে। পরে দুপুরের দিকে কয়েকজন পুলিশ সদস্য এসে পতাকাগুলো খুলে নিয়ে যান।
নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল হক বলেন, ‘সম্ভবত ভোরের দিকে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। এমন একটি ভিডিও ফেসবুকে দেখার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাঁরা এটা করেছেন, তাঁদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা খুঁজছি।’
প্রতিনিধি/আরএইচ