ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই বর্বরোচিত ঘটনায় শিশুটির মা-বাবাও গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটি তার মা-বাবার সঙ্গে একটি গাড়িতে করে যাচ্ছিল। হেবরন শহরের কাছে তাদের গাড়িটি পৌঁছালে এক ইসরায়েলি সেনা সেটি লক্ষ্য করে আচমকা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং তার বাবা-মা আহত হন।
বার্তা সংস্থা রয়টার্সকে শিশুটির দাদি ফিরইয়াল আবু হাইকাল বলেন, ‘একটি গুলি এসে সরাসরি আঘাত করায় শিশুটি মারা যায়। ঘটনাটি অবিশ্বাস্য এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা শুধু নিজেদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছি, আর এই অপরাধেই আমাদের এভাবে ভুগতে হচ্ছে।’
অন্যদিকে, বরাবরের মতোই এই হত্যাকাণ্ডের স্বপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে তারা দাবি করেছে, দায়িত্বরত সেনারা ভেবেছিল একটি গাড়ি তাদের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। এরপরই এক সেনা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গাড়িতে থাকা ব্যক্তিরা যে সম্পূর্ণ বেসামরিক ছিলেন, তা পরবর্তীতে স্বীকার করেছে আইডিএফ।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক ও শিশু হতাহতের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত মার্চ মাসেও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি পরিবারের চার সদস্য নিহত হন, যাঁদের মধ্যে ৫ ও ৭ বছর বয়সী দুটি শিশুও ছিল।
দেশবার্তা/একে