মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল সমাবেশ মঞ্চ। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের।
বুধবার (১৭ জুন) দুপুর ১টায় চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। শ্রীমঙ্গল ও এর আশপাশের পুরো এলাকায় এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং রোগীদের চিকিৎসা সহায়তার চেক প্রদান করবেন। এই কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজ সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে দলে দলে সভাস্থলে হাজির হচ্ছেন। মাঠের এক পাশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যামিলি কার্ড ও সহায়তার চেক নিতে আসা উপকারভোগীরা। দলীয় নেতাকর্মীরা তাঁদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দর্শন পেতে উন্মুখ হয়ে আছেন।
সমাবেশে আসা শাহান আলী মুসা নামের এক দর্শনার্থী বলেন, আমি সকাল নয়টায় এসেছি প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। চায়ের দেশে তিনি আসছেন, এ জন্য আমার মতো হাজার হাজার মানুষ এখানে ভিড় করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শহর ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর কঠোর নজরদারিতে পুরো শহর এখন নিরাপত্তার চাদরে ঢাকা।
দেশবার্তা/একে