ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ১ হাজার ৩৮৫ জন কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আমন ধানের বীজ ও সার, ৬৫০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও সার এবং ৮০ জন কৃষকের মাঝে লেবুর চারা ও সার বিনামূল্যে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধি/আরএইচ