ফুটবল মাঠে তিনি আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা, লিওনেল মেসির ‘বডিগার্ড’ হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত। তবে এবার মাঠের ফুটবলীয় দক্ষতার বাইরে সম্পূর্ণ ভিন্ন এক কারণে খবরের শিরোনামে এলেন রদ্রিগো ডি পল। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) করা এক গাণিতিক জরিপে বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ চেহারার ফুটবলার নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের চেহারার নিখুঁত অনুপাত বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে ‘ড্রিমজিএফ’ নামের একটি প্রতিষ্ঠান। গুগল সার্চে বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় ১৫০ জন ফুটবলারের ছবি নিয়ে এই বিশেষ গবেষণা চালানো হয়।
পুরো তালিকাটি তৈরিতে বিজ্ঞানের প্রাচীন গাণিতিক সূত্র ‘গোল্ডেন রেশিও’ ব্যবহার করা হয়েছে, যা চেহারার ভারসাম্য, গঠন ও সুষমা পরিমাপের জন্য বিশ্বজুড়ে স্বীকৃত।
এআই-এর এই বৈজ্ঞানিক বিশ্লেষণের ফলাফলে দেখা গেছে, ৭৪ দশমিক ১৮ শতাংশ নম্বর পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন রদ্রিগো ডি পল। তবে খুব সামান্য ব্যবধান নিয়ে তাঁর ঠিক পেছনেই আছেন জার্মানির ফরোয়ার্ড কাই হাভার্টজ, যাঁর প্রাপ্ত নম্বর ৭৪ দশমিক ১০ শতাংশ। আর ৭৩ দশমিক ২৯ শতাংশ নম্বর পেয়ে এই তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে।
তালিকায় পরের স্থানগুলোতেও রয়েছে বড় চমক। ৭৩ দশমিক ২৭ শতাংশ নম্বর পেয়ে চতুর্থ স্থানে আছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আর মাত্র এক চুল ব্যবধানে পিছিয়ে থেকে পঞ্চম স্থানটি দখল করেছেন ব্রাজিলের তরুণ সেনসেশন এনড্রিক, যাঁর প্রাপ্ত নম্বর ৭৩ দশমিক ২৫ শতাংশ।
অন্যদিকে মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ ব্যবধানে সেরা পাঁচের বাইরে ছিটকে গেছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন।
এই ভিন্নধর্মী জরিপ নিয়ে ড্রিমএআই-এর প্রধান নির্বাহী গেওর্গি দিমিত্রভ বলেন, এই তালিকার সবচেয়ে মজার বিষয় হলো, এটি কোনো ফুটবলারের মাঠের জনপ্রিয়তা বা ফ্যানবেজের ওপর ভিত্তি করে তৈরি হয়নি। ফুটবল বিশ্বের অনেক বড় বড় তারকা তালিকায় বেশ পিছিয়ে পড়েছেন, আর সবাইকে চমকে দিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন রদ্রিগো ডি পল।
গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গবেষণায় খেলোয়াড়দের ব্যক্তিগত স্টাইল, চুলের ছাঁট বা খ্যাতির মতো বাহ্যিক কোনো বিষয়কে বিবেচনা করা হয়নি। কেবল মুখের নিখুঁত গাণিতিক ও জ্যামিতিক অনুপাতই ছিল মূল ভিত্তি। আর এই গাণিতিক গ্যাঁড়াকলে পড়েই বর্তমান ফুটবল বিশ্বের অনেক ফ্যাশন আইকন ফুটবলার তালিকায় বেশ পিছিয়ে পড়েছেন।
তালিকায় ফরাসিদের মধ্যে সেরা ২২ নম্বরে আছেন রায়ান চেরকি। তাঁর ঠিক পেছনেই যথাক্রমে ২৩ ও ২৪তম অবস্থানে আছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম।
তবে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তদের জন্য। নিজের ফিটনেস, লাইফস্টাইল ও লুক নিয়ে অসম্ভব সচেতন থাকা সত্ত্বেও বিজ্ঞানের এই নিখুঁত গাণিতিক তালিকায় ‘সিআরসেভেন’ জায়গা পেয়েছেন ৪৫তম অবস্থানে।
দেশবার্তা/একে