ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
জর্ডান ম্যাচে বিশ্রামে মেসি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯  (ভিজিটর : )

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান দখল করে বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলটির কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যে জানিয়েছেন, শনিবার ডালাসে জর্ডানের বিপক্ষে তৃতীয় ম্যাচে তিনি দলের অনেক রিজার্ভ খেলোয়াড়কে মাঠে নামাবেন।

স্কালোনি বলছিলেন, আমাদের পরিকল্পনা হলো দলের বেশিরভাগ খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়া। এই ছেলেদের সেটা প্রাপ্য। ক্রিস্টিয়ান রোমেরো নিশ্চিতভাবেই জর্ডানের বিপক্ষে থাকছেন না। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে তাকে। পরীক্ষার পরই বোঝা যাবে মূল একাদশের এই ডিফেন্ডারের চোট কতটা গুরুতর।

একাদশের বাইরে থাকা আরেকজন হতে পারেন লিওনেল মেসি। বুধবারই ৩৯ বছরে পা রাখা আর্জেন্টাইন অধিনায়ক অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন। অবশ্য দুর্বল ও ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া জর্ডানের বিপক্ষে আরও কয়েকটি গোল করার সুযোগ হাতছাড়া করতে না চাইলে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।

এই ম্যাচে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে কিলিয়ান এমবাপের বিপক্ষে ব্যবধান বাড়ানোর সুযোগও রয়েছে তার সামনে। চলতি বিশ্বকাপে পাঁচ গোল করার ফলে মেসির মোট বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৮। 

অন্যদিকে চলতি বিশ্বকাপে চার গোল করা এমবাপে ১৬ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে।

শেষ ম্যাচে এমবাপের ফ্রান্সকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে, কারণ গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্লিং হালান্ডের নরওয়ে।

স্কালোনি বলেন, ‘দল যখন বল ছাড়া কঠিন সময় পার করছিল, তখনও সে (মেসি) কঠোর পরিশ্রম করেছে। সে পুরোপুরি নিবেদিত ছিল, আর সে যদি এতটা নিবেদিত থাকে, তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে।’

বর্তমান বিশ্বকাপে আর্জেন্টিনাকে অন্যতম ফেবারিট হিসেবে দেখা হলেও স্কালোনি এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য অনেক দলেরই আছে। ফেবারিটের তকমা দিয়ে বিশ্বকাপ জেতা যায় না। মানসিক ও শারীরিক প্রস্তুতির মতো আরও অনেক বিষয় এখানে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত, তথাকথিত বড় দলগুলোর মধ্য থেকেই কেউ শিরোপা জিতবে। তাই যারা এখন তাদের নাম বলছেন, শেষ পর্যন্ত হয়তো তারাই ঠিক প্রমাণিত হবেন। কিন্তু বাস্তবতা হলো সব দলই খুব কাছাকাছি অবস্থানে আছে। তাদের বিপক্ষে খেলাও আমাদের জন্য কঠিন হবে, আবার আমাদের বিপক্ষে খেলাও তাদের জন্য সহজ হবে না।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।