ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২২:০৯
চলমান বার্তা:
বনানীতে মঙ্গলবার সমাহিত করা হবে মুস্তাফা মনোয়ারকে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৪:৪১ আপডেট: ২৯.০৬.২০২৬ ১৫:৩৭  (ভিজিটর : )

বরেণ্য চারুশিল্পী, নাট্যনির্দেশক ও পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। সব্যসাচী এই শিল্পীর বয়স হয়েছিল ৯১ বছর। বার্ধক্যজনিত নানা রোগের পাশাপাশি তিনি প্রোস্টেট ক্যানসার ও নিউমোনিয়ায় ভুগছিলেন। 

তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ভাগ্নি ও অভিনেত্রী নিমা রহমান।

আগামীকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে এই গুণী শিল্পীকে সমাহিত করা হবে। তাঁর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার ও তাঁর প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে নেওয়া হবে।

চিত্রশিল্পী মনিরুজ্জামান জানিয়েছেন, আজ হাসপাতাল থেকে মুস্তাফা মনোয়ারের মরদেহ ধানমন্ডির তাকওয়া মসজিদে নেওয়া হয়। সেখানে গোসল শেষে বেলা ১২টার দিকে মরদেহ নেওয়া হয় ধানমন্ডির এক নম্বর সড়কে তাঁর নিজ বাসভবনে। সেখানে বিকেল পর্যন্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহটি স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

পর দিন মঙ্গলবার সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ সর্বপ্রথম নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে এবং সেখানেই তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণেই রাখা হবে।

শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হওয়ার পর মরদেহ আধা ঘণ্টার জন্য নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন সেখানে শিক্ষকতা করার কারণে তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা যাতে শেষ বিদায় জানাতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারুকলার আনুষ্ঠানিকতা শেষে বিকেলের মধ্যে বনানী কবরস্থানে তাঁকে চিরশায়িত করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বয়সের কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন মুস্তাফা মনোয়ার। প্রোস্টেট ক্যানসারের কারণে বিগত মাসগুলোতে কয়েকবার তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত ১৪ জুন তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই আজ সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।