চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এই রায়ের ফলে তাঁর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথও নিতে পারবেন না।
এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।
আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। ব্যাংক এশিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম ও আইনজীবী এ এস এম ইলিয়াস হায়দার।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আসলাম চৌধুরীর পক্ষে লড়েন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করে। হাইকোর্ট রিটটি খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন জানায়। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।
পরবর্তী সময়ে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ফলে আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও আদালত আদেশ দেন যে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে এবং তা প্রকাশ করা যাবে না।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী ওই আসনে বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আদালতের আগের আদেশের কারণে তাঁর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। আজ আপিল বিভাগের চূড়ান্ত রায়ে তাঁর প্রার্থিতাই বাতিল হয়ে গেল।
দেশবার্তা/একে