২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বিশাল বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক বাজেট অধিবেশনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই নতুন বাজেট পেশ করেন।
নতুন বাজেট ঘোষণার পাশাপাশি একই অনুষ্ঠানে বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করেন মেয়র। বিদায়ী অর্থবছরে মূল বাজেটের আকার ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকা থাকলেও সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ, বিগত অর্থবছরে চসিকের বাজেট বাস্তবায়নের হার ছিল ৭৮ শতাংশ।
বাজেট অধিবেশনে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই তার মূল লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে তিনি রাজস্ব আদায়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
নগরবাসীর প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, ‘নগরবাসীর একমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি করপোরেশন। একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি উপহার দেওয়া নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। আমাদের সামর্থ্যের মধ্যে সেই প্রত্যাশা পূরণে সিটি করপোরেশন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তবে আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সদিচ্ছা থাকলেও আমাদের আর্থিক সক্ষমতা অপ্রতুল। আর আর্থিক সক্ষমতা ছাড়া নগরবাসীর প্রত্যাশা শতভাগ পূরণ করা বেশ কষ্টসাধ্য। তাই নাগরিক সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করতে হলে সবার আগে সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা বাড়াতে হবে।’
উক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একে