ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চলন্ত স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৮ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে দ্রুতগতির বাসটি একটি ট্রেইলারকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে বাস ও ট্রেইলার দুটিতেই আগুন ধরে যায়। হতাহত যাত্রীদের বেশিরভাগই সে সময় ঘুমের মধ্যে ছিলেন। ওপরের বার্থে ঘুমিয়ে থাকা কয়েকজন যাত্রী ধাক্কায় নিচে ছিটকে পড়েন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। আহতদের মধ্যে সিংহভাগই নারী ও শিশু। তাদের উদ্ধার করে দ্রুত দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর বাসের ভেতর আটকে পড়া যাত্রীরা বাঁচার জন্য চিৎকার করছিলেন। বাসের লাগেজ বগিতে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট ছিল, যা আগুন দ্রুত ছড়াতে সাহায্য করেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে দুর্ঘটনার পর উদ্ধারকাজ নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি করেছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর তারা যাত্রীদের উদ্ধার করতে শুরু করে।
পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন অথবা অতিরিক্ত গতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসন এখন দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে।
দেশবার্তা/একে