ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২০:০৭
চলমান বার্তা:
ঢাকায় কিলোমিটারপ্রতি ৬.২৭ টাকা যানজট শুল্ক আরোপের প্রস্তাব
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৬:৫২  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার চিরচেনা ও তীব্র যানজট নিয়ন্ত্রণে এবার ব্যক্তিগত গাড়ির ওপর বিশেষ শুল্ক আরোপের পথে হাঁটছে সরকার। ঢাকার সড়কে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে কিলোমিটারপ্রতি ৬ টাকা ২৭ পয়সা হারে ‘যানজট শুল্ক’ (কনজেশন চার্জ) আরোপের একটি সুপারিশ করা হয়েছে। ২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (ইউআরএসটিপি) খসড়ায় এই নতুন প্রস্তাব আনা হয়েছে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, এই শুল্ক রাজধানীর সব সড়কে প্রযোজ্য হবে না। প্রাথমিকভাবে মেট্রোরেল, বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) এবং উন্নত বাসসেবা চালু থাকা করিডোর বা সড়কগুলোতে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ওপর এই চার্জ আরোপ করা হবে। 

তবে পরিকল্পনায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নগরবাসীর জন্য আগে নির্ভরযোগ্য, নিরাপদ ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে; এরপরই এই শুল্ক কার্যকর করা উচিত।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) এক যৌথ প্রতিবেদনে ঢাকার ট্রাফিক ব্যবস্থার ভয়াবহ চিত্র উঠে এসেছে। 

প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার। দেড় দশকের ব্যবধানে ২০২২ সালে তা নাটকীয়ভাবে কমে দাঁড়ায় মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে। অর্থাৎ রাজধানীতে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার কমে গেছে, যা হাঁটার গতির প্রায় সমান।

বিশ্বব্যাংকের আরেকটি গবেষণায় দেখা গেছে, রাজধানীর এই স্থবিরতার কারণে প্রতিদিন মানুষের বিপুল পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। প্রতিদিন ঢাকার রাস্তায় হারিয়ে যাচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা। বিশেষ করে ঢাকার ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানবাহন আটকে থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। এই যানজটের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে, যার দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৮ হাজার কোটি টাকা।

খসড়া পরিবহন পরিকল্পনায় (ইউআরএসটিপি) বলা হয়েছে, যানজট শুল্ক আদায়ের প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল। এ জন্য রাস্তায় ‘রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন’ (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্ধারিত সড়কগুলোতে আরএফআইডি রিডার বসানো থাকবে, যা গাড়ি চলাচল করলেই স্বয়ংক্রিয়ভাবে শুল্ক কেটে নেবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) যৌথভাবে এই পুরো কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।