গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নকআউটের লড়াইয়ে আলবিসেলেস্তেরা মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্দের।
তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রথম একাদশ সাজাতে গিয়ে তিনটি পজিশন নিয়ে বেশ ‘মধুর’ সমস্যায় পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গ্রুপ পর্বে নিয়মরক্ষার শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নিতে শুরুর একাদশে ৯টি পরিবর্তন এনেছিলেন স্কালোনি। তবে নকআউটের বাঁচা-মরার লড়াইয়ে নিশ্চিতভাবেই আর কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাবেন না তিনি।
প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ার বিপক্ষে খেলা দ্বিতীয় ম্যাচের মূল ছকেই ফিরছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অধিনায়ক লিওনেল মেসির ফেরার দিনে জর্ডান ম্যাচের ‘ডাবল নাইন’ (দুইজন স্ট্রাইকার) কৌশল ভেঙে চেনা ৪-৪-২ ফরমেশনেই খেলবে দল। তবে একাদশের ডিফেন্স ও অ্যাটাকিংয়ের তিনটি জায়গায় এখনও ধোঁয়াশা কাটেনি।
স্কালোনির প্রথম চিন্তার জায়গাটি বাঁ-দিকের রক্ষণভাগ নিয়ে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। তবে তাঁর অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে নিজের অবস্থান জোরালো করেছেন ফাকুন্দো মেদিনা। তাগলিয়াফিকো স্কালোনির প্রথম পছন্দ হলেও মেদিনার সাম্প্রতিক ফর্ম কোচকে কিছুটা দ্বিধায় ফেলতে পারে।
চোটে পড়া ক্রিস্টিয়ান রোমেরোর খেলা নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ডান হাঁটুর ইনজুরিতে ভোগা রোমেরো যদি আজকের ম্যাচের আগে শতভাগ ফিট হতে না পারেন, তবে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির একাদশে ফেরা একপ্রকার নিশ্চিত।
তবে সব ছাপিয়ে বড় লড়াই চলছে আক্রমণভাগের মূল স্ট্রাইকার পজিশন নিয়ে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল পেয়ে দারুণ উজ্জ্বীবিত লাউতারো মার্টিনেজ। তবে হুলিয়ান আলভারেজের ছায়াও তাড়া করছে তাঁকে। এই পজিশনে আজ কে সুযোগ পাবেন, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে লাউতারোর সাম্প্রতিক গোলটির কারণে আলভারেজের চেয়ে তিনি কিছুটা এগিয়ে আছেন।
অন্যদিকে গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে নাহুয়েল মলিনা এবং মধ্যমাঠে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদার জায়গা পুরোপুরি নিশ্চিত।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ- এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো/নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ/হুলিয়ান আলভারেজ।
দেশবার্তা/একে