কুমিল্লার চান্দিনা উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চান্দিনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান। তিনি বলেন, মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন এবং এ বিষয়ে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।
সোমবার (১৩ জুলাই) রাত ৯টায় চান্দিনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওসি মো. নুরুজ্জামান বলেন, "মাদক বর্তমানে সমাজের জন্য সবচেয়ে ভয়াবহ সমস্যাগুলোর একটি। এই মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও জাতিকে রক্ষা করতে আমি কোনো রাজনৈতিক দল বিবেচনা করব না। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সর্বাত্মকভাবে কাজ করে যাব।"
তিনি আরও বলেন, এলাকাবাসীর জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান্দিনা থানা সর্বদা সচেষ্ট থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মিথুন কুমার মণ্ডল, এসআই শিশির ঘোষ, চান্দিনা প্রেস ক্লাবের উপদেষ্টা কাজী রাশেদ, সভাপতি ও কালের কণ্ঠ এবং কুমিল্লার কাগজ-এর প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সহ-সভাপতি ও ইত্তেফাক-এর প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ এবং কুমিল্লার জমিন-এর প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত-এর প্রতিনিধি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর এবং বাংলার আলোড়ন-এর প্রতিনিধি আবদুল বাতেন, সাবেক সভাপতি ও দৈনিক ডেসটিনি-এর প্রতিনিধি টি. আর. দিদার, নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব এবং রূপসী বাংলা-এর প্রতিনিধি সোহেল রানা, সদস্য ও দৈনিক সংগ্রাম এবং সময়ের আলো-এর প্রতিনিধি আবু সাঈদ, সদস্য ও দৈনিক মাতৃছায়া-এর প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রভাতী বাংলাদেশ-এর প্রতিনিধি কামরুল হাসান ভূঁইয়াসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।
প্রতিনিধি/আরএইচ