ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৬:৫৬
চলমান বার্তা:
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৬:৫৬  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সরাসরি সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি এ সহযোগিতা চান। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্ভূত সংকট নিরসনে দ্রুততম সময়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত এলএনজি পুনর্নবীকরণ বা রিগ্যাসিফাই করার ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হলেও এটি তো জনগণের সরকার। জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। জনগণের প্রতি এই দায়বদ্ধতা থেকেই আমরা সমস্যা সমাধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছি।

তিনি আরও জানান, সমস্যার গুরুত্ব উপলব্ধি করে গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। আজ কুয়ালালামপুরে সফররত শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন চিঠিটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এরপর আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। আলাপকালে আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেন, বাংলাদেশের এই জ্বালানি সংকট মোকাবিলায় তাঁর সরকারের পক্ষে যা কিছু করা সম্ভব, তা নিয়ে তিনি দ্রুত তাঁর প্রতিনিধিদল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে অবহিত করবেন।

সংকট কাটাতে সরকারের জোর প্রচেষ্টার কথা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই চাহিদা ও সরবরাহের এই ঘাটতি কমাতে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন। পেট্রোবাংলা ও আরপিজিসিএলসহ সংশ্লিষ্ট সব দপ্তর দিনরাত কাজ করছে এবং প্রধানমন্ত্রীও প্রতি মুহূর্তে পরিস্থিতির সার্বিক খোঁজখবর রাখছেন।

মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রক্রিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রক্রিয়াটি কত দ্রুত সম্পন্ন করা যায়, সেটির পাশাপাশি বিকল্প অন্য কোনো উপায়ে মালয়েশিয়া তাদের অভিজ্ঞতা, পরামর্শ বা সম্পদ দিয়ে সহায়তা করতে পারে কি না- সব দিক নিয়েই কাজ চলছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।