২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। এরপরই বিশ্বজুড়ে প্রেডিকশন মার্কেট বা জুয়ার বাজারে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। এখন সবার নজর দ্বিতীয় সেমিফাইনালে, যেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দলই ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে।
এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের মধ্যে ছিল এবং চার দলই অতীতে বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে। ফলে ফাইনালে কে উঠবে, তা নিয়ে ফুটবলপ্রেমী থেকে শুরু করে বিশ্লেষকদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা।
আন্তর্জাতিক প্রেডিকশন প্ল্যাটফর্ম কালশি (Kalshi) ও পলিমার্কেট (Polymarket)-এ বিশ্বকাপ ঘিরে বাজির পরিমাণ সেমিফাইনালের আগেই ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে পলিমার্কেটে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন এবং কালশিতে ১ দশমিক ১ বিলিয়ন ডলারের লেনদেন হয়েছে।
প্রথম সেমিফাইনালের আগে জুয়ার বাজারে ফ্রান্স ও ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনাই সবচেয়ে বেশি ধরা হয়েছিল। তবে স্পেনের কাছে ফ্রান্সের বিদায়ের পর সেই হিসাব বদলে গেছে।
বর্তমানে দ্বিতীয় সেমিফাইনালকে ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। কালশির তথ্য অনুযায়ী, এই ম্যাচে আর্জেন্টিনার চেয়ে সামান্য এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। প্ল্যাটফর্মটির পূর্বাভাসে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫৪ শতাংশ, বিপরীতে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৬ শতাংশ। শুধু এই ম্যাচকে কেন্দ্র করেই কালশিতে প্রায় ২৮ লাখ ডলারের বাজি ধরা হয়েছে। পলিমার্কেটেও ইংল্যান্ডের পক্ষেই তুলনামূলক বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে।
সবচেয়ে আলোচনার বিষয়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও টুর্নামেন্ট শুরুর দিকে আর্জেন্টিনাকে শিরোপার দৌড়ে খুব বেশি এগিয়ে রাখেননি বাজিকারীরা। চার সেমিফাইনালিস্টের মধ্যে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরেছিলেন মাত্র ১৮ শতাংশ অংশগ্রহণকারী।
এদিকে ব্যক্তিগত পুরস্কারের লড়াই নিয়েও চলছে ব্যাপক আগ্রহ। সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি সমান আটটি করে গোল করেছেন। তবে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জয়ের সম্ভাবনায় বাজির বাজারে এগিয়ে রয়েছেন এমবাপ্পে।
সেরা তরুণ খেলোয়াড়ের দৌড়ে স্পেনের লামিন ইয়ামালকে সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে। আর সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’-এর সম্ভাব্য লড়াইয়ে রয়েছেন ফ্রান্সের মাইক মেইগনান ও স্পেনের উনাই সিমন। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
দেশবার্তা/একে