কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে লোকালয়ের পাশে অজগরটি দেখা গেলে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ লোকালয়ের পাশে সাপটি দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত মানুষ একনজর দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে সতর্কতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বাসিন্দারা এবং দ্রুত বন বিভাগকে খবর দেন।
এদিকে বিশাল আকারের অজগরটি দেখতে উৎসুক জনতা ভিড় করায় এলাকায় এক উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এই অঞ্চলে এর আগে এত বড় অজগর সাপ কখনো দেখা যায়নি। প্রায় ১০ থেকে ১২ ফুট লম্বা সাপটি দেখে শিশু ও নারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে সেগুলোকে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা যায়।
জেলা বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, সাধারণত বন্যার পানিতে ভেসে এসব অজগর সাপ ভারত থেকে বাংলাদেশে চলে আসে। পানি কমে যাওয়ায় হয়তো অজগরটি লোকালয়ের পাশে আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/একে