ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৬:৫৬
চলমান বার্তা:
সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজ করতে হবে: ডা. জাহিদ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১৯:০৫  (ভিজিটর : )

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজ করতে হবে। 

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর উপশহরের প্যারাডাইস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারণেই শহীদ জিয়া মানুষের আস্থা অর্জন করতে পেরেছিলেন। স্বাধীনতার পর এক কৌটা দুধের জন্য দিনভর লাইনে দাঁড়িয়ে থাকতে হতো—সেই দিনগুলো আমাদের স্মরণে রাখতে হবে। এই প্রজন্মের চিন্তা ও চেতনা না বুঝলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশের যত সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, তার অধিকাংশই বিএনপির শাসনামলে। সব সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনেও ছিল শহীদ জিয়ার অবদান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস সৃষ্টি করা যায় না, ধারণ করতে হয়। সময় এসেছে কুশাসন থেকে মুক্ত হয়ে সুশাসনের পথে এগিয়ে যাওয়ার। পানি ঘোলা করে আবারও স্বৈরাচারকে ফিরে আসতে দেওয়া যাবে না।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে। গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কথা বলার একমাত্র নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। 

সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে, তাদের উদ্দেশে তিনি আহ্বান জানান—জনগণের ভাবনা ও প্রত্যাশার সঙ্গে মিল রেখে কর্মসূচি গ্রহণের।

দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়াকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সর্বোচ্চ সমর্থন দিয়েই বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর আসনে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আশা ও আস্থার প্রতীক। এ যাবৎ তিনি ২৩টি আসনে নির্বাচন করেছেন, এবং প্রতিবারই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারও আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই।

মতবিনিময় সভায় বিশেষভাবে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার জন্য মঞ্চে একটি চেয়ারের আসন খালি রাখা হয়।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সুজাউর রব চৌধুরী, হাবিপ্রবির শিক্ষক প্রফেসর ড. সাইফুল হুদা, ড্যাব জেলা শাখার সদস্য সচিব মো. জিয়াউর হক জিয়া, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক ছাত্রনেতা রাহবার কবির পিয়াল, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসার রহমান, ডিইএবি জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ পিম, জেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন ও শিক্ষক নেতা মিজানুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী ও সুধীজন।

প্রতিনিধি/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।