আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ১৬টি সংসদীয় আসনে ২৫টি উপজেলায় দায়িত্ব পালন করছে।
এ প্রেক্ষিতে বুধবার নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া সন্দ্বীপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র্যাব, কোস্ট গার্ড, আনসার এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ অন্যান্য সংশ্লিষ্টরা।
মতবিনিময়কালে নৌবাহিনী প্রধান নির্বাচনের সময় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেন।
তিনি জানান, সাধারণ জনগণ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে নৌবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। এছাড়া নৌবাহিনীর কন্টিনজেন্টের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোটের ব্যবস্থা রয়েছে। নির্বাচনকে ঘিরে স্বার্থান্বেষী মহলের যে কোনো অপতৎপরতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নৌবাহিনী নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং করছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং সোয়াডস্ টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
নৌবাহিনী প্রধান আরও জানান, নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে নৌবাহিনী প্রস্তুত। দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নৌবাহিনী বদ্ধপরিকর।
দেশবার্তা/একে