আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় ১৭টি সংসদীয় আসনে ২৪টি উপজেলা এবং ২টি সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করছে।
এই প্রেক্ষিতে রোববার নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান চরফ্যাশন ও ভোলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টসমূহের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, র্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নৌবাহিনী প্রধান এ নির্দেশ দেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বজায় রাখবে। ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
পরিদর্শনের সময় তিনি নৌ কন্টিনজেন্টের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারের জন্য ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোটের ব্যবস্থা রয়েছে।
নির্বাচনকে ঘিরে স্বার্থান্বেষী মহলের যে কোনো অপতৎপরতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নৌবাহিনী নিয়মিত টহল ও ফুট পেট্রোলিংও চালাচ্ছে।
উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং সোয়াডস্ টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে নৌবাহিনী প্রস্তুত।
নৌবাহিনী প্রধান এ হুঁশিয়ারি দেন যে, দায়িত্বপ্রাপ্ত এলাকায় ভোটারদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে নৌবাহিনী সম্পূর্ণভাবে বদ্ধপরিকর।
দেশবার্তা/একে