পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল সদর উপজেলায় গরিব, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া ইউনিয়ন কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরিব-দুঃখী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
সাংসদ জানান, নড়াইল-২ সংসদীয় আসনের মোট ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লক্ষ টাকা সমভাবে বণ্টন করা হচ্ছে। নগদ অর্থের পাশাপাশি প্রায় ৭০০ শাড়ি অসহায় ও দুস্থ নারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে, যাতে উৎসবের আমেজ সবার মাঝে ছড়িয়ে পড়ে।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মাইজপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস এবং মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বেলি। এছাড়াও জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই সহায়তার ফলে প্রান্তিক পর্যায়ের মানুষের ঈদ উদযাপনে কিছুটা হলেও স্বস্তি আসবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বচ্ছতার সাথে এই বিতরণ কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিনিধি/একে