দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে কর্মরত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পাবনার সাঁথিয়ায় জমি দখল, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ওই কর্মকর্তা ও তাঁর সহযোগীদের হাত থেকে রেহাই পেতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ওই গ্রামের কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নানা স্লোগান দেন। অভিযুক্ত কর্মকর্তার নাম আবুল হাসনাত।
তিনি ছোট পাথাইলহাট এলাকার আইনজীবী শামসুল হক নান্নুর ছেলে এবং বর্তমানে পুলিশ সুপার পদমর্যাদায় দুদকের পরিচালক হিসেবে কর্মরত।
মানববন্ধনে বক্তব্য দেওয়া স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আবুল হাসনাত ও তাঁর পরিবার। তাঁর বাবা আওয়ামী লীগ নেতা হওয়ার সুবাদে এলাকায় জমি দখল থেকে শুরু করে বিরোধী মতাদর্শের মানুষের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, আবুল হাসনাতের ভাই সোহাগ ও তাঁর সাঙ্গপাঙ্গরা এলাকার একটি বড় মাঠের জমি জোরপূর্বক দখল করে মাছ চাষ করছেন। কেউ সেখানে প্রতিবাদ করতে গেলে বা মাছ ধরতে গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হওয়ার সুবাদে আবুল হাসনাতের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতেন না। এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং এসব দখলবাজি ও নির্যাতনের নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন দুদক কর্মকর্তা আবুল হাসনাত। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঠিক কী কারণে তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভ বা মানববন্ধন করা হয়েছে, তা তাঁর জানা নেই। জমিজমা নিয়ে এলাকায় সাম্প্রতিক একটি বিরোধের জেরে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি ধারণা করছেন।
আবুল হাসনাত আরও দাবি করেন, জমির মালিকানা নিয়ে বর্তমানে আদালতে মামলা চলছে। যাঁদের কাগজপত্র সঠিক থাকবে, তাঁরাই জমির অধিকার পাবেন।
তাঁর বিরুদ্ধে আনা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, সরকারি চাকরিতে কর্মরত থাকার কারণেই একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে।
প্রতিনিধি/একে