একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে, হবিগঞ্জে প্রবেশের পথে মুছাই চা-বাগান এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ।
হবিগঞ্জে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় পৌরসভা মাঠে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়।
এ পরিস্থিতিতে সম্ভাব্য সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশৃঙ্খলা বিঘ্ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার সকালে হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
এদিকে, শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। অন্যদিকে, এনসিপির উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজারে অবস্থান করছিলেন।
এনসিপির জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও ড. আতিক মোজাহিদসহ নেতারা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে ৪টার দিকে মুছাই চা-বাগান এলাকায় পুলিশ তাঁদের গাড়িবহরের গতি রোধ করে এবং হবিগঞ্জে প্রবেশ না করার অনুরোধ জানায়। এ সময় বালুবাহী ট্রাক দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান, বুধবার মৌলভীবাজারে কর্মসূচি থাকলেও মঙ্গলবার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সেটি বাতিল করে হবিগঞ্জে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, বিএনপির নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলা সদর ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। পূর্বঘোষিত ‘জুলাই গণজাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারী হবিগঞ্জে যান। বিকেলে টাউন হলের সামনে পথসভা শেষে ফেরার পথে কোর্ট মসজিদের সামনে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে বলে এনসিপির অভিযোগ। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টাউন হলের সামনে বক্তব্য দেওয়ার সময় নাসিরুদ্দিন পাটোয়ারী হবিগঞ্জে মাদক ব্যবসা ও সন্ত্রাস বৃদ্ধির জন্য বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করে বক্তব্য দেন। পাশাপাশি হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউসের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তোলেন।
প্রতিনিধি/আরএইচ