ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সম্ভাব্য খাদ্য ও মানবিক সংকট মোকাবিলায় হরমুজ প্রণালির মাধ্যমে পণ্য ও জ্বালানি পরিবহন সচল রাখতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক।
জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই সংঘাত অবিলম্বে প্রশমিত না হলে বিশ্বজুড়ে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে।
আন্ডার-সেক্রেটারি-জেনারেল হোর্হে মোরেইরা দা সিলভা এই নবগঠিত টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।
স্টিফেন দুজারিক জানান, এই উদ্যোগটি মূলত ইউক্রেনের ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ এবং গাজার জন্য তৈরি করা ‘ইউএন ২৭২০’ মেকানিজম থেকে অনুপ্রাণিত। টাস্কফোর্সটি এখন সংশ্লিষ্ট সব সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবে যাতে এই বাণিজ্য পথটি নিরাপদ রাখা যায়। বিশেষ করে সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাধারণ মানুষের স্বার্থে এই উদ্যোগকে সমর্থন জানাতে সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এদিকে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে সার ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে সারের সংকট ও জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। এর ফলে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যের দাম আকাশচুম্বী হতে পারে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, যদি ইরান যুদ্ধ জুন মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্বের কয়েক কোটি মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়তে পারে। সূত্র: আল-জাজিরা
দেশবার্তা/একে