চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড-ইন-কমান্ড এবং হত্যাসহ সাত মামলার আসামি সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত।
সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে দেখা গেছে, সাদ্দামের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় মোট সাতটি মামলা রয়েছে।
প্রতিনিধি/একে