বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের বানানো ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল ইসলাম। এ সময় তাঁর বানানো ছোট এই বাহনটি দেখেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল। ব্যাটারিচালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের তরুণের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। প্রধানমন্ত্রী এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে নিজের স্মার্ট কার তৈরির পেছনের গল্প শোনান ওয়াকিমুল ইসলাম। বিশেষ চাহিদাসম্পন্ন এই তরুণ জানান, এক সময় তিনি সারাদিন বাসায় বসে থাকতেন এবং একা বাইরে বের হতে পারতেন না। কীভাবে নিজে নিজে বাইরে চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকেই তিনি এই কারটি বানানো শুরু করেন।
ওয়াকিমুল বর্তমানে যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে পড়ছেন। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ওয়াকিমুল জানান, সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এই যানটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্ক ব্যক্তিরা অনায়াসে ব্যবহার করতে পারবেন।
ওয়াকিমুলের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল।
তিনি জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশবার্তা/একে