ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১৩:৩৫ আপডেট: ২৪.০৫.২০২৬ ১৭:১০  (ভিজিটর : )

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মইন উদ্দিন (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জিয়াউল হক (২৭) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটক জিয়াউল ঈদগাঁও থানার কালিরছড়া এলাকার বাসিন্দা। এছাড়া এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দু শুক্কুর ও মো. রুবেল নামে আরও দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামিদের সঙ্গে বিএনপি নেতা লিয়াকত আলীসহ অন্যরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে নিচে নামেন। পরে তারা গাড়িতে ওঠার সময় অজ্ঞাতনামা অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মইন উদ্দিন নামের ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা হতে পারে। গুলির ঘটনার পরপরই উপস্থিত লোকজন ধাওয়া করে অস্ত্রসহ জিয়াউল হককে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

গুলিবিদ্ধ মইন উদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলি বলেন, ‘গুলির ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। ঘটনার পর পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই গোলাগুলির সঙ্গে জড়িত অন্য আসামিদেরও আটকে পুলিশের অভিযান চলছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও নিজ বাড়িতে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছিল।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।