ঢাকার মহাখালী আমতলী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকের এক সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-নেত্রকোণা রুটে চলাচলকারী ‘ভাটি বাংলা এক্সপ্রেস’ নামের বাসটি সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের আরও দুই যাত্রী আহত হয়েছেন।
নিহত সহকারীর নাম রফিক (৩৫)। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর এলাকায় এবং বাবার নাম নুরু আলম।
নিহত রফিকের ভগ্নিপতি মো. রনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, রফিক মাত্র তিন দিন আগে কাজে এসেছিলেন এবং আজই তাঁর বাড়ি ফেরার কথা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা সকাল ৮টার দিকে রফিককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত বাসের দুই যাত্রী রনি (২৫) ও ফিরোজকে (৪০) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনাকবলিতদের হাসপাতালে নিয়ে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মী মোস্তফা কামাল বলেন, বাসটি নেত্রকোণা থেকে ঢাকার মহাখালী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সড়কের পাশে শুইয়ে রেখেছেন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটিতে আরও যাত্রী থাকলেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাঁরা ঘটনাস্থল ছেড়ে যান।
দেশবার্তা/একে