ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে শেরপুরের কলেজগুলোর সরব অংশগ্রহণ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১৪:৫০  (ভিজিটর : )

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর মতো শেরপুর জেলার বিভিন্ন কলেজও অনলাইনে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শেরপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষানুরাগীরা জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বড় পর্দা ও মাল্টিমিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, থাইল্যান্ডের সিনাওত্রা ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, দেশের শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য ইনস্টিটিউট অব সাস্টেইনেবল ল্যাবরেটরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি দক্ষতার চাহিদা নিরূপণে একটি বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষাও পরিচালিত হচ্ছে, যার ভিত্তিতে নতুন দক্ষতাভিত্তিক কোর্স চালু করা হবে।

উপাচার্য আরও জানান, আন্তর্জাতিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছে। এ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে এবং অধিভুক্ত কলেজগুলোতে ভাষা ক্লাব গঠনের কার্যক্রম চলমান রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উচ্চশিক্ষা শেষে অনেক শিক্ষার্থী বেকার থেকে যাচ্ছে, যার অন্যতম কারণ ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি। এ সমস্যা মোকাবিলায় সরকার ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের মানবিক, নৈতিক ও প্রযুক্তিগত দক্ষতায়ও সমৃদ্ধ হতে হবে। শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন, নৈতিকতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষকদের সমাজ পরিবর্তনের রোল মডেল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন করে শিক্ষার্থীদের কর্মদক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে তরুণ উদ্যোক্তা তৈরিতে ইনোভেশন গ্রান্ট ও ফান্ডিংয়ের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই দক্ষতাভিত্তিক শিক্ষা উদ্যোগ শিক্ষার্থীদের কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধি এবং দেশের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।