মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকে তল্লাশির সময় গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক বহনের দায়ে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাগার সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি (রিজার্ভ গার্ড) গেটে দায়িত্ব পালন করছিলেন কারারক্ষী মো. রফিকুল ইসলাম। এ সময় মো. দবীর মোল্লা নামের এক দর্শনার্থী ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাঁর দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে দবীর মোল্লার জিন্স প্যান্টের বাম পকেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সাজা প্রাপ্ত দবীর মোল্লা (৩৫) মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের মোতাল্লেব মোল্লার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দবীর মোল্লার স্ত্রী মোছা. তন্বী খাতুনও বর্তমানে একটি মামলায় মাগুরা জেলা কারাগারেই সাজা ভোগ করছেন। স্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি কারাগারে এসেছিলেন।
মাগুরা জেলা কারাগারের জেল সুপার মো. মহিউদ্দিন জানান, কারাফটকে গাঁজাসহ দর্শনার্থী আটকের পরপরই জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। পরে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত দবীর মোল্লাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের নিরাপত্তা ও মাদক প্রবেশ রোধে এমন কঠোর তল্লাশি ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশবার্তা/একে