পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের রোমান্টিক প্রেমের ও সৌন্দর্য চেতনার কবি ওমর আলীর জীবন এবং সাহিত্য নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ বাংলা বিভাগ ও বাংলা একাডেমির আয়োজনে সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
শুভেচ্ছা বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তি আখতারুজ্জামান আখতার এবং বাংলা একাডেমির কর্মকর্তা মনিরুজ্জামান রোহান।
উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি আছেন, যাঁরা প্রচারের আলো থেকে কিছুটা দূরে থেকেও তাঁদের সৃষ্টি কর্মের মধ্য দিয়ে একটি স্বতন্ত্র সাহিত্যভুবন নির্মাণ করেছেন। কবি ওমর আলী সেই বিরল কবিদের একজন। তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা একজন কবি; বাংলার প্রকৃতি, পল্লীজীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম ও অস্তিত্ববোধ তাঁর কবিতার প্রধান উপজীব্য।
বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীরের সভাপতিত্বে সেমিনারের মুল পর্বে প্রধান অতিথি ছিলেন গবেষক-প্রাবন্ধিক অধ্যাপক ড. আবুল হাসনাত চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন।
স্বাগত বক্তা ও প্রবন্ধ পাঠ করেন পাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. এম আবদুল আলীম এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা। আলোচকবৃন্দ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং পাবিপ্রবি’র সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম।
আলোচকরা কবি ওমর আলীর জীবন, দর্শন, সাহিত্য সাধনা, কৃতী, তাঁর অবদান, জীবনবোধ, সমাজ, শিক্ষা, প্রেম ও প্রকৃতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষক মুহাম্মদ নুরুন্নবী।
উল্লেখ্য, কবি ওমর আলী ১৯৩৯ সালে পাবনা জেলার চর শিবরামপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
প্রতিনিধি/আরএইচ