নওগাঁর রাণীনগরে পথরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতদের কাছ থেকে একটি ধারালো চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রাতেই মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাহাবুব আলম জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি একজন যাত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গোনা বাজার থেকে বড়বড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৭-৮ সদস্যের একটি ছিনতাইকারী দল তিনটি মোটরসাইকেলে এসে তার চলন্ত মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। এ সময় তারা লাথি ও কিল-ঘুষি মেরে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়ার এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তিনি আরও জানান, চিৎকার করে স্থানীয় লোকজনকে ডাকলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে খট্রেশ্বর মোড় এলাকা থেকে মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মণ্ডলের ছেলে সানা মণ্ডল (২২) এবং একই গ্রামের মমিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)।
এ ঘটনায় মাহাবুব আলম বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে একই স্থানে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, আটককৃতদের কাছ থেকে একটি ধারালো চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাহাবুব আলম বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/আরএইচ