ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ২১:১১
চলমান বার্তা:
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২১:১১  (ভিজিটর : )

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ জুন) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের জেরে দায়ের করা মামলায় রেজানুর ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে সম্পাদক পরিষদ বলেছে, এ ঘটনা বিএনপির নির্বাচনী ইশতেহার এবং রাষ্ট্র সংস্কারবিষয়ক ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের যে অঙ্গীকার করা হয়েছে, তার সঙ্গে সাংঘর্ষিক।

তাদের মতে, কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে দেশে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় প্রতিকার চাওয়া সম্ভব। সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে প্রেস কাউন্সিলে অভিযোগ জানাতে পারেন অথবা প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে পারেন।

তবে এ ঘটনায় একজন সাংবাদিকের করা মামলায় আরেকজন সাংবাদিককে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলেও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির ঘটনা ঘটেছে। বর্তমান ঘটনাকে সেই প্রবণতার পুনরাবৃত্তি হিসেবে দেখছে সংগঠনটি।

সম্পাদক পরিষদের ভাষ্য, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার ও কারাবন্দি করার প্রবণতা স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের অধিকারের জন্য হুমকি।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেছে, বগুড়ার এ ঘটনা সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের বর্তমান ১৫২তম অবস্থানের প্রেক্ষাপটে এমন ঘটনা দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবর্তে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো, বিশেষ করে প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।