ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।
শনিবার (২০ জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে রনজিত বসাক সমর্থিত রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ এবং রজত-মিঠু পরিষদ অংশ নেয়। ফলাফলে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি রক্তিম বসাক, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান (ডাবলু), সহ-সাধারণ সম্পাদক সুকর্ণ বসাক, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনি কুমার সাহা, দপ্তর সম্পাদক সুরেশ প্রসাদ এবং কার্যনির্বাহী সদস্য সন্দীপ বসাক, বাবুল প্রসাদ নন্দি ও গণেশ প্রসাদ সাহা।
নির্বাচনে মোট ৫৭ জন ভোটারের মধ্যে ৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শহরের চুড়িপট্টি এলাকায় খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ কার্যালয়ের সামনে নির্বাচন ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ভোটগ্রহণ চলাকালে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আশফাক আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য অ্যাডভোকেট সুভাষ চন্দ্র রায় ও অ্যাডভোকেট শামিম বিন গোলাম পার্ল।
প্রতিনিধি/আরএইচ