ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬, ২২:০০
চলমান বার্তা:
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২০ জন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১৯:০২ আপডেট: ২২.০৬.২০২৬ ১৩:৩৮  (ভিজিটর : )

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি জুন মাসে মশাবাহিত এই রোগে চারজনের মৃত্যু হলো। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তাঁরা দুজনই নারী। তাঁদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। মৃতদের একজন বরিশাল বিভাগে এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ১ জুন ও ১৬ জুন আরও দুজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯০০ জনে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৫ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যার সংখ্যা ৫৪ জন। 

এছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ঢাকা মহানগরের বাইরে ৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সাধারণত বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় বর্ষা মৌসুমে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। বৃষ্টির পানিতে জমে থাকা ছোট ছোট জলাধার এডিস মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। 

তবে সাম্প্রতিক বছরগুলোয় জলবায়ু পরিবর্তন, অস্বাভাবিক আবহাওয়া, দীর্ঘ উষ্ণ সময়কাল ও দ্রুত নগরায়ণের কারণে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে যাচ্ছে। এখন বছরের শুরুতেই সংক্রমণ দেখা দিচ্ছে এবং তা দীর্ঘ সময় ধরে বজায় থাকছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।