মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনের বন্দরনগরী দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বিকেলে তিনি মালয়েশিয়া ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বিকেল প্রায় ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দালিয়ানের উদ্দেশে যাত্রা করে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। আগামী দুই দিন তিনি দালিয়ানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।’
আতিকুর রহমান রুমন আরও জানান, দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেইজিং সফর করবেন। সেখানে তাঁর চীন সফরের মূল কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ ভিভিআইপি টার্মিনাল বুংগা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর স্ত্রী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।
গত রোববার (২১ জুন) দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফরে অংশ নিচ্ছেন। দালিয়ানে অবস্থানকালে তিনি আগামী ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চীনের লিয়াওনিং প্রদেশে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (বিশ্ব অর্থনৈতিক ফোরাম) ১৭তম বার্ষিক ‘নিউ চ্যাম্পিয়নস’ সভায় অংশ নেবেন। এই আয়োজনটি ‘সামার দাভোস’ নামেও পরিচিত।
‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৯০টির বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ফোরামে বৈশ্বিক অর্থনীতির প্রবণতা, প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্প খাতের রূপান্তর এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সামার দাভোসে অংশগ্রহণের পাশাপাশি চীনের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শেষ হবে।
দেশবার্তা/কেএ/একে