ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১৯:৪০  (ভিজিটর : )

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া প্রতি মাসে অন্তত দুই দিন বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, গত মাসে ১৯টি পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিও অব্যাহত আছে।

আগামী ২৮ জুন (রোববার) সারাদেশে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের সব কাজ বাস্তবায়নাধীন বা চলমান রয়েছে।

আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে এসব কাজ সম্পন্ন করার লক্ষ্যে সকল উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

খাদ্য বিভাগের কর্মকর্তা জানান, ময়মনসিংহ মহানগরীতে ৫৪ জন ওএমএস ডিলারের মধ্যে রোস্টার অনুযায়ী ৮টি ট্রাকসেল ও ২৫টি দোকানের মাধ্যমে ৩৩টি ওয়ার্ডে সরকারি ছুটির দিন ছাড়া নিয়মিত বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, ওএমএস কর্মসূচির আওতায় ময়মনসিংহ মহানগরীতে ভোক্তাদের কাছে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য।”

জেলা প্রশাসক আরও বলেন, ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য সকল সরকারি দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারের গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ বিভাগের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।