সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লা বারী হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা পৌর আমির ফেরদৌস আলম ফিরোজ, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, জেলা সেক্রেটারি ফাহিম মণ্ডল, সাবেক জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও আবু হাসান আকন্দ এবং গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন।
বক্তারা বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লা বারী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাইফুল্লা বারীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ইতোমধ্যে একজন আসামি গ্রেফতার হলেও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে বক্তারা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এসব ঘটনায় তাদের দলের নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সম্পর্কে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করেন।
উল্লেখ্য, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে সংঘর্ষের ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লা বারী (২৪) নিহত হন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের জন্য ছাত্রশিবির যুবদল নেতাকর্মীদের দায়ী করেছে।
প্রতিনিধি/আরএইচ