"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বেলা ২টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ফল মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ সাদিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মাসুদ রানা প্রধান।
সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষের কোনো বিকল্প নেই। দেশীয় ও মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব। তারা বাড়ির আঙিনা, পতিত জমি এবং রাস্তার ধারে অধিক হারে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান।
মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফলের প্রদর্শনী, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং কৃষিবিষয়ক তথ্যসমৃদ্ধ স্টল স্থান পেয়েছে। জেলার বিভিন্ন কৃষক, নার্সারি মালিক ও কৃষি উদ্যোক্তারা এতে অংশগ্রহণ করেছেন।
তিন দিনব্যাপী এ মেলা আগামী ২৬ জুন পর্যন্ত চলবে।
প্রতিনিধি/আরএইচ