গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্টন। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে ওয়ালটন প্লাজা মৌচাক শাখার উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ওয়াল্টন প্লাজা মৌচাক শাখার ম্যানেজার সংকর চন্দ্র দাসের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণেরও ব্যবস্থা ছিল।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে আগত সেবা গ্রহীতাদের বিভিন্ন ধরনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকরা রোগ নির্ণয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এতে বিভিন্ন বয়সী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন এবং সেবা গ্রহণ করেন।
এ বিষয়ে ওয়াল্টন প্লাজা কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রাহকদের কল্যাণে নিয়মিত বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশের ওয়াল্টনের বিভিন্ন শাখায় পর্যায়ক্রমে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান সময়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ পাওয়ার সুযোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য এমন উদ্যোগ সময়োপযোগী ও কল্যাণকর।
ওয়াল্টন প্লাজা কর্তৃপক্ষ আরও জানায়, গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবিক ও সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ