দেশের কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনকে আরও গতিশীল করতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ১৪ দিনব্যাপী নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে।
বুধবার (২৪ জুন) বারির সেমিনার কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের পরিসমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, গবেষণালব্ধ নতুন প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে দেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিজ্ঞানীদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর পার্টনার (বারি অঙ্গ) ড. জগদীশ চন্দ্র বর্মন। তিনি গবেষণার ফলাফল কৃষকের কাছে পৌঁছে দিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণটি সমন্বয় করেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিজানুর রহমান। আয়োজক সূত্রে জানা যায়, প্রশিক্ষণে বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের মোট ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচির অর্থায়ন করে পার্টনার প্রকল্প।
আয়োজকরা জানান, নতুন উদ্ভাবিত কৃষি প্রযুক্তি সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর এবং কৃষকবান্ধব করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশের কৃষি উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিনিধি/আরএইচ