মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘনে’ যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইরান। সর্বশেষ মার্কিন হামলার পর তেহরান এই অভিযোগ তুলেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এসব নৃশংস হামলা যুদ্ধ শেষ করার সমঝোতা স্মারকের একটি প্রকাশ্য লঙ্ঘন।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার জবাবে তাদের বাহিনী শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানে হামলা চালিয়েছে।
এদিকে বাহরাইনের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভোরে চালানো ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটিকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এর সঠিক অবস্থান বা লক্ষ্যবস্তুর প্রকৃতি নির্দিষ্ট করে বলা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনা বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করছে।
দেশবার্তা/একে