ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২২:৪১
চলমান বার্তা:
সময় চাহিয়া লজ্জা দিবেন না: সংসদে স্পিকার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৯:২৭ আপডেট: ২৭.০৬.২০২৬ ১৯:৪৭  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার ‘কড়া’ বার্তা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নির্ধারিত সময়ের বাইরে বিএনপির একাধিক সংসদ সদস্য বক্তব্য দেওয়ার জন্য আরেকটু সময় বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানালে স্পিকার তা নাকচ করে দেন। একপর্যায়ে তিনি বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর আগে স্পিকার সময়ের বিষয়টি সংসদ সদস্যদের মনে করিয়ে দেন।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘হাতে সময় কম। তাই সরকারি ও বিরোধী দলের হুইপরা সদস্যদের জন্য যে সময় নির্ধারণ করেছেন, তার বাইরে বক্তব্য বাড়ানো হবে না।’ 

বাজেট অধিবেশন সফলভাবে শেষ করতে নির্ধারিত সময় মেনে চলা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেও তিনি উল্লেখ করেন। বক্তব্য যেন অসমাপ্ত না থাকে, সে জন্য সদস্যদের ‘সময় পরিকল্পনা করে’ কথা বলার আহ্বান জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাব তোলার পর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চান। তখন স্পিকার বলেন, ‘আমার মনে হয় যে পাঁচ মিনিট করে, যদি পাঁচ মিনিটের মধ্যে আপনারা বক্তব্য শেষ করেন, তাহলে বাজেটের আলোচনায় আমরা ফিরে যেতে পারি।’

ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর বাজেট আলোচনায় প্রথম বক্তা হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেন স্পিকার। নির্ধারিত সময় শেষে হামিদুর রহমানকে থামিয়েও দেন হাফিজ উদ্দিন আহমদ।

এরপর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ১০ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু বক্তব্যের শেষ দিকে ফজলুল হক মিলন আরও দুই মিনিট সময় চাইলে স্পিকার তা নাকচ করেন। তবু মিলন বলেন, ‘মাননীয় স্পিকার, এই দুইটা মিনিট সময় দেন না।’ 

জবাবে স্পিকার বলেন, ‘সময় নাই।’

মিলন আবারও সময়ের জন্য অনুরোধ করলে স্পিকার বলেন, ‘আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না—বাকি চাহিয়া লজ্জা দিবেন না; সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

পরে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণকে ছয় মিনিট সময় দিয়ে স্পিকার বলেন, ‘ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন এবং এক মিনিট বাকি থাকতে সমাপ্ত করবেন, যাতে আপনি সমাপ্ত করতে পারেন বক্তব্য।’

চট্টগ্রামের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও সময় নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, তিনি সাত মিনিট সময় পেয়েছেন, তবে স্পিকারের কাছ থেকে কিছুটা ‘উদারতা’ আশা করেছিলেন। কিন্তু তাঁর কথা শেষ হওয়ার আগেই স্পিকার স্বভাবসুলভ কণ্ঠে আবার মনে করিয়ে দেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।